অনলাইন নিবন্ধনের ২৪ ঘণ্টায় সর্বজনীন পেনশনে প্রথম কিস্তির টাকা দিয়েছেন ৩ হাজার ব্যক্তি
বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের ২৪ ঘণ্টাতেই জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে ৪টি স্কিমে প্রথম কিস্তির টাকা জমা দিয়েছেন ২ হাজার ৯৫০ জন। তবে নিবন্ধনকারী ছাড়িয়েছে ৩০ হাজার।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়ন্ত্রণ) বিলকিস জাহান রিমি জানিয়েছেন, উদ্বোধনের দিন ১৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমের জন্য কমপক্ষে ৬ হাজার ১০০ জন সাইন আপ করেছিলেন। যাদের ৪৬৩ জন তাদের প্রথম কিস্তির টাকা জমাও দিয়েছেন।
অনলাইনে বিন্ধন করে জাতীয় পেনশন স্কিমে আগ্রহীরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ড ও ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়েছে। সিস্টেম চালু হওয়ার পর থেকে দেশে এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা অনুযায়ী, এ কর্মসূচিতে যুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন গ্রাহক। চাঁদা পরিশোধের পর তিনি মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন ১৫ বছর।
আপাতত চার ধরনের স্কিম চালু হলেও পরবর্তী সময়ে শ্রমজীবী ও শিক্ষার্থীদের জন্য আরও দুই ধরনের প্যাকেজ চালু করা হতে পারে বলে জানয়েছে জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ।







